পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন।
তিনি জানান, মামলায় ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সজিব হাসানকে প্রধান আসামি এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি, কলেজ শাখার সভাপতি, সেক্রেটারিসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ওসি আরও জানান, তবে ওই ঘটনায় এখন পর্যন্ত ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আর এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির বৃহস্পতিবার কর্মসূচি আহ্বান করে। বেলা সাড়ে ১১টার দিকে দুই দল মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। পরে কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
সেখানে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।