
বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়ার জাহাজ চলাচলে টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ইরান, যা চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন এক কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়ে বলেন, ‘বন্ধুত্বপূর্ণ কিছু দেশের জন্য হরমুজ প্রণালির টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।’
তবে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন দেশ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেয় তেহরান।
পরবর্তী সময়ে তারা ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের বাইরে অন্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে, তবে সে ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
রাষ্ট্রদূত জালালির বক্তব্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজ প্রণালিতে টোলমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, যা রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।