
মোস্তাফিজুর রহমানকে জানুয়ারির প্রথম সপ্তাহে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়ার পর থেকে প্রায় তিন মাস ধরে নীরব ছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। অবশেষে তিনি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার প্রসঙ্গে মন্তব্য করেন এবং মোস্তাফিজকে টুর্নামেন্ট থেকে বাদ পড়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন।
ধুমাল জানিয়েছেন, ভারতের উগ্রপন্থীদের হুমকির কারণে কেকেআরকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। ঘটনার জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হয় এবং দেশের নিরাপত্তার উদ্বেগে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে পাকিস্তানও বিষয়টি নিয়ে জড়িত হলে বিশ্বকাপের প্রস্তুতি অচলাবস্থার মুখে পড়ে। এই পুরো ঘটনাকে আইপিএল চেয়ারম্যান সে সময় কোনো মন্তব্য করেননি।
মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। দুই কোটি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারের জন্য কেকেআরের সঙ্গে চেন্নাইয়ের মধ্যে তুমুল কাড়াকাড়ি হয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রশ্নে ধুমাল মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে পুনরায় দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেন।
আইপিএলকে রাজনীতি থেকে আলাদা রাখা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব। আমার মনে হয় না দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা রয়েছে। সরকার সাধারণভাবে ক্রিকেটকে সহায়ক ভূমিকায় রাখে।’ তিনি আরও যোগ করেন, ‘তবে হ্যাঁ, মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতি আর ঘটবে না।’
ধুমাল মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআই সরাসরি নির্দেশনা দিয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাতে রাজি হননি। উল্লেখ্য, ওই সময় বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, মোস্তাফিজকে বাদ দিতে বলা হয়েছিল, তবে বোর্ডের বেশির ভাগ সদস্য এই সিদ্ধান্ত সম্পর্কে আগে জানতেন না।
বর্তমানে মোস্তাফিজ পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।