
ফুটবল ভাগ্য যেন আবারও মুখ ফিরিয়ে নিল ইতালির দিকে। দীর্ঘ ১২ বছরের অপেক্ষা ভেঙে বিশ্বকাপের মঞ্চে ফেরার যে স্বপ্ন নিয়ে আজ্জুরিরা মাঠে নেমেছিল, তা শেষ পর্যন্ত ভেঙে গেল টাইব্রেকারের নির্মম পরিণতিতে।
বুধবার (১ এপ্রিল) বসনিয়ার জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে স্বাগতিক বসনিয়া ও হার্জেগোভিনা। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেল চারবারের চ্যাম্পিয়ন ইতালি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি। এর ফলও পায় দ্রুত—১৫তম মিনিটে ফরোয়ার্ড মোয়েস কিন-এর দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় দলটি। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আজ্জুরিরা। ৪২তম মিনিটে এডিন জেকো-কে ডি-বক্সের বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলতে থাকা ইতালির ওপর ক্রমেই চাপ বাড়ায় বসনিয়া। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা একাধিক নিশ্চিত গোল ঠেকালেও শেষ পর্যন্ত ৮২ মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। এডিন জেকো ও এরমেদিন দেমিরোভিচ-এর যৌথ আক্রমণ থেকে আসে সেই গোল।
অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই গোল করেন বেনজামিন তাহিরোভিচ, কিন্তু ইতালির পিও এস্পোসিতো প্রথম শটই মিস করেন। দ্বিতীয় শটে উভয় দল গোল পেলেও তৃতীয় শটে ব্রায়ান ক্রিস্তান্তে ব্যর্থ হলে চাপে পড়ে ইতালি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বসনিয়া।
এই পরাজয়ের ফলে বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হয়েও টানা ১২ বছর বিশ্বকাপের বাইরে থেকে যেতে হচ্ছে ইতালিকে। বিপরীতে, নিজেদের মাঠে এমন নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসছে বসনিয়া ও হার্জেগোভিনা।