
বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিতা দূর করা এবং চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে অন্ধত্ব নিরসনে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-এ অনুষ্ঠিত তিন দিনব্যাপী ওয়ার্ল্ড সামিট ফর আই কেয়ার-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান। গত মঙ্গলবার (৩১ মার্চ) শুরু হয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত চলা এই সম্মেলনে তার নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
সম্মেলনে প্রতিনিধিদলটি বাংলাদেশে চক্ষু সেবার ক্ষেত্রে অর্জিত অগ্রগতি এবং এ খাতে গৃহীত বিভিন্ন কর্মসূচি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরে। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস, যা বিশ্বব্যাপী সরকার ও দাতা সংস্থাগুলোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। উল্লেখ্য, চক্ষু চিকিৎসায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে এই সংস্থাটি ড. এম এ মুহিতকে ‘আই হেলথ হিরো’ সম্মাননা প্রদান করে।
ড. মুহিত একজন প্রখ্যাত চক্ষু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। গত প্রায় ২৫ বছর ধরে তিনি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অন্ধত্ব নিরসনে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনে তার অংশগ্রহণ বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য নীতিনির্ধারণে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।