
বাকস্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কটূক্তি ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না।
বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চাইছে। এ ধরনের অপচেষ্টার জবাব বিএনপি রাজপথেই দেবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন, যা দলের ভাবমূর্তি বা গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।