
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তিনি বলেছেন, সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ‘ঝেঁটিয়ে বিদায়’ না করাই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, এনসিপির নেতারা ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে যেসব এলাকায় যাচ্ছেন, সেসব এলাকার বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের প্রকাশ্যে গালিগালাজ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কয়েকটি কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে।
রাশেদ খাঁনের ভাষ্য, এনসিপির নেতাদের বক্তব্য থেকে তার কাছে মনে হয়েছে, তারা পরিকল্পিতভাবে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের পরিবেশ তৈরি করতে চাইছেন। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করার পর আবার ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান জানানো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও লেখেন, স্থানীয় পর্যায়ে কাউকে গালিগালাজ করার পর মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করা সহজ নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে বলেন, একটি বক্তব্যের কারণেও একজন রাজনৈতিক নেতাকে জনরোষের মুখে পড়তে হতে পারে। তাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন।
পোস্টের শেষাংশে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।’ তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ‘ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায়’ করেনি, এটিই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।
তবে রাশেদ খাঁনের এই বক্তব্যের বিষয়ে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।