
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন কমিশনের প্রশাসনিক বিষয় এবং সাম্প্রতিক কয়েকটি নির্বাচন-সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বেলা ১১টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সম্ভাব্য সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব নিয়োগ নিয়ে উত্থাপিত বিতর্ক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিষয়সহ নির্বাচন-সংশ্লিষ্ট আরও কয়েকটি ইস্যু আলোচনায় স্থান পেতে পারে।
নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
অন্যদিকে জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
বৈঠক শেষে উভয় পক্ষের পক্ষ থেকে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।