
গণভোট ও সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে একই যুক্তিতে সংসদ নির্বাচনও বৈধ হতে পারে না। এ বিষয়ে তিনি সরকারের অবস্থানকে ‘পরস্পরবিরোধী’ বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘কী চমৎকার যুক্তি! একই ডেকচিতে গোশত পাকানো হয়েছে। গোশতের ঝোল হলো হারাম আর গোশত হইল হালাল। কী আশ্চর্য ব্যাপার!’
তিনি আরও বলেন, ‘হারাম হইলে তো দুটোই হারাম। হালাল হইলে দুটোই হালাল। যদি গণভোট হারাম হয়, তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হইলে এখন এই দেশে কোনো সরকার নেই।’
সরকারের প্রতি জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। আপনাদের দেরি হয়েছে, সমস্যা নেই, বাস্তবতা মেনে নিন। জনগণকে সম্মান দেখালে, জনগণও আপনাদের সম্মান ও গ্রহণ করবে।’
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফল। তাই সরকারের উচিত জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা।
একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান তিনি। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় জুলাই যোদ্ধাদের নামে সড়ক ও স্থাপনার নামকরণের আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ দলীয় নেতারা।