
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নন। দলের কারও অন্যায় বা অপরাধ প্রমাণিত হলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, আর গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’
তিনি বলেন, ‘আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। তবে, এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়।’
দল ও দেশের স্বার্থে ভুল-ত্রুটি চিহ্নিত করে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি- আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। আর সেই বার্তা আমিসহ আমাদের সবার জন্য– সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান।’
রুকন সম্মেলনে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।