
রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের ছোড়া একটি পেট্রোল বোমার বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছাতার ভেতরে মোড়ানো আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব এবং বোমা নিষ্ক্রিয়কারী (বোম ডিসপোজাল) ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।
নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
পরে তল্লাশি চালানোর সময় ঘটনাস্থলে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাটির উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।