
এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ও গোপন ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে তীব্র সমালোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেন। ইতোমধ্যে এ মামলার এজাহারভুক্ত আসামি আমিনুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে ঘটনার সত্যতা ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
ঘটনা ও আইনি ব্যবস্থার তথ্য জানিয়ে ওসি হাসান বাসির বলেন:
‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচ জনকে আসামি করে মঙ্গলবার পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে আমিনুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, গুরুত্ব বিবেচনায় মামলার সার্বিক তদন্ত প্রক্রিয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।