
শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের মধ্য দিয়েই দেশের ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
রোববার (৫ জুলাই) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা। তার দাবি, বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলো আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বাংলাদেশেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে।
দেশের বাইরে অবস্থান করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নুরুল হক নুর বলেন, বিদেশে থাকা ব্যক্তিরা চাইলে সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় অংশ নিতে পারেন বা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন। তবে বিদেশ থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো সুযোগ নেই।
সভায় প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা. মারিয়া আক্তার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।