
গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ জোরদারের লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) দলের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি মো. নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বে তিনি দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।
দলীয় সূত্র জানায়, আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।