
বিশ্বকাপে নরওয়ের তরুণ ফরোয়ার্ড আন্তোনিও নুসার জন্য অপেক্ষা করছে বিশেষ এক মুহূর্ত। ছোটবেলা থেকে যাকে আদর্শ মেনে বড় হয়েছেন, সেই নেইমার জুনিয়রের বিপক্ষেই এবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরলেও ব্রাজিলের তারকা নেইমার এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি ম্যাচে। সেটিও শেষ দিকে কয়েক মিনিটের জন্য। তবে একসময় তার ড্রিবলিং, গতি ও সৃজনশীল ফুটবল দেখে অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের অসংখ্য তরুণ ফুটবলার। তাদেরই একজন নুসা।
নরওয়ের এই তরুণকে অনেকেই ‘নরওয়েজিয়ান নেইমার’ নামে ডাকেন। তার ড্রিবলিং, গতিময়তা ও আক্রমণভাগে সৃজনশীল খেলার ধরনে নেইমারের ছাপ খুঁজে পান ফুটবলপ্রেমীরা।
২০২১ সালে মাত্র ১৬ বছর বয়সে নুসা বলেছিলেন, “আমার আদর্শ নেইমার। আমি চাই তার মতো ড্রিবলিং করে প্রতিপক্ষকে এলোমেলো করে দিতে।”
নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া নুসা ইতোমধ্যে নরওয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছেন। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মার্টিন ওডেগার্ডের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে জয়ে সাহায্য করেন তিনি।
এবার শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সেটি হলে শৈশবের নায়ককে প্রতিপক্ষ হিসেবে পাবেন নুসা। মাঠের বাইরে নেইমার তার অনুপ্রেরণা হলেও ৯০ মিনিটের লড়াইয়ে দুজনই থাকবেন ভিন্ন শিবিরে।
গত বছর জার্মান ক্লাব লাইপজিগের হয়ে ব্রাজিল সফরে সান্তোসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথমবার নেইমারের মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল নুসার। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। সেই নেইমারের মুখোমুখি হই, যাকে আমি মনেপ্রাণে শ্রদ্ধা করি। সত্যিই এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল।”