
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঘোষিত কর্মসূচির তালিকা থেকে আপাতত গোপালগঞ্জকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রথমে ৬৪ জেলায় পদযাত্রার ঘোষণা দেন। তবে প্রায় এক ঘণ্টা পর প্রকাশিত সংশোধিত তালিকায় জানানো হয়, আপাতত ৬৩ জেলায় এ কর্মসূচি পালন করা হবে।
গোপালগঞ্জকে তালিকার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। গত বছর ওই জেলায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে প্রশ্নও উঠেছে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি জেলা এবং দলটির কর্মসূচির বাইরে নয়। তবে আপাতত যেসব জেলা ও উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, সেখানেই পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং সম্ভাব্য প্রার্থীদেরও ঘোষণা করা হবে।
তিনি জানান, গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় দ্বিতীয় ধাপে, আগামী সেপ্টেম্বর মাসে পদযাত্রা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
গত বছরের কর্মসূচিতে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনার কারণে এবার জেলা বাদ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেন, একটি জেলার ঘটনাকে কেন্দ্র করে পুরো মাসব্যাপী কর্মসূচি যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তাই এবার সতর্কতার সঙ্গে কর্মসূচি সাজানো হয়েছে। তবে দ্বিতীয় ধাপের পদযাত্রায় গোপালগঞ্জও অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি জানান।