
দেশের শিল্পখাতকে আরও সম্প্রসারণে চলমান ও নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে বাস্তবভিত্তিক ও কার্যকর প্রস্তাব জমা দিতে বিসিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ দেশের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি আয় বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই খাতের পরিধি ও অংশগ্রহণ বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান প্রায় ৩৪ শতাংশ। ভবিষ্যতে তা ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে সারা দেশে বিসিকের অব্যবহৃত প্লট দ্রুত যোগ্য উদ্যোক্তাদের কাছে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন খন্দকার আবদুল মুক্তাদির। পাশাপাশি বরাদ্দ পাওয়ার পর দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখা প্লটগুলোর বরাদ্দ বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।