
রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে, শনিবার জামায়াতের একটি মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি। ওই ঘটনার প্রতিবাদে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচেও বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন দাবি করেন, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি জামায়াত-সমর্থিত ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা চালানো হলে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।
জামায়াতের দাবি, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে। মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগানোরও চেষ্টা করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের আহ্বানে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ান।
দলটির অভিযোগ, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে ব্যবসায়ীরা জড়ো হওয়ার পর তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।