
ঢাকার ধানমন্ডি এলাকায় জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির বিরুদ্ধে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাংবাদিকরা মূল বক্তার বক্তব্য নেওয়ার অনুরোধ করলে সেখানে উপস্থিত কিছু লোক ‘বক্তব্য নিতে হবে না’ বলে আপত্তি জানান। এর পরপরই মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনায় আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির পরে জানান, তিনি জামায়াত বিটের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট জামায়াত নেতারা দাবি করেন, হামলাকারীরা তাদের দলের কেউ নন, বরং বাইরের লোকজন ছিলেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ মোড় ঘুরে আবার ৩২ নম্বরে এসে শেষ হয়। মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।