
টানা দুই দফা কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দামের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) দেশের বাজারে সেই বাড়তি দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
সোমবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয় এবং সেই দামই মঙ্গলবার বাজারে বহাল রয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না, তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪০ বার দাম বেড়েছে এবং ৩৯ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।