
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির খবর এবং বিশ্বকাপে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্র—দুই ঘটনাকে একই সূত্রে গেঁথে দেশের ঐক্য ও সংগ্রামের বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের কর্মকর্তা, আলোচক ও ফুটবলার—সবাই নিজ নিজ অবস্থান থেকে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব পালন করছেন।
পোস্টটিতে আরাগচি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত স্কুলশিক্ষার্থীদের একটি ছবি এবং বিশ্বকাপে ইরানের ম্যাচের একটি দৃশ্য একসঙ্গে প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি কূটনীতি, খেলাধুলা ও জাতীয় সংগ্রামের মধ্যে একটি প্রতীকী সম্পর্ক তুলে ধরেন।
তিনি লেখেন, “ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই বৃহত্তর এক সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।”
উল্লেখ্য, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক ড্র অর্জন করেছে ইরান। এমন প্রেক্ষাপটেই জাতীয় ঐক্য ও আত্মমর্যাদার প্রশ্নকে সামনে এনে এই বার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।