
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে থেকে বিজয়ের দাবি করেছেন ডানপন্থি প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। তবে অল্প ব্যবধানের ফলাফলকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে, কারণ প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ইভান সেপেদা এখনো পরাজয় মেনে নিতে রাজি নন।
প্রাথমিক ফল অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে ইভান সেপেদার প্রাপ্ত ভোট ৪৮ দশমিক ৭ শতাংশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া এই রাজনৈতিক নবাগত নির্বাচনী প্রচারণায় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান, মাদক পাচার দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ফল নিয়ে আপত্তি সেপেদার
সামান্য ভোট ব্যবধানের কারণে ফলাফল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইভান সেপেদা বলেছেন, চূড়ান্ত যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এই ফলাফলকে আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক হিসেবে দেখা উচিত নয়।
তার মতে, সম্পূর্ণ ভোট গণনা ও যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাচনের প্রকৃত ফলাফল নিশ্চিত হবে।
‘নতুন অধ্যায়ের সূচনা’
ফল ঘোষণার পর বারানকিয়া শহরে সমর্থকদের এক বিশাল সমাবেশে বিজয়ের ঘোষণা দেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যা লাখো নাগরিকের স্বাধীন ও গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে গড়ে উঠবে।’
তিনি আরও জানান, যারা তাকে ভোট দেননি, তাদেরও প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধিত্ব করবেন এবং দেশের সংবিধানের প্রতি সম্মান বজায় রাখবেন।
উদ্যাপনের পাশাপাশি বিক্ষোভ
আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সমর্থকেরা জাতীয় পতাকা, ফুটবল দলের জার্সি, সংগীত ও আতশবাজির মাধ্যমে বিজয় উদ্যাপন করেন। সমাবেশে ‘পেত্রো বিদায়’ এবং ‘মাতৃভূমির জন্য দৃঢ় থাকো’ স্লোগানও শোনা যায়। অনেক সমর্থককে ‘মেক কলম্বিয়া গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পরতে দেখা গেছে।
অন্যদিকে ইভান সেপেদার সমর্থকেরা ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এই ফল দেশটির রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।
যদিও অধিকাংশ এলাকায় পরিস্থিতি শান্ত ছিল, তবে দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালীতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে বিক্ষোভকারীরা মার্কিন পতাকায় আগুন দিলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্ভাব্য অস্থিরতা এড়াতে কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ট্রাম্পের প্রতিক্রিয়া
ফল প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘তিনি জিতেছেন, বড় ব্যবধানে!’
তিনি আবেলার্দো দে লা এসপ্রিয়েলার অপরাধ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা জোরদারের প্রতিশ্রুতির প্রশংসাও করেন।
এ ছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং চিলির রাজনীতিক হোসে আন্তোনিও কাস্তসহ লাতিন আমেরিকার কয়েকজন প্রভাবশালী নেতা এই ফলাফলকে ‘নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার পক্ষে পরিবর্তনের বার্তা’ হিসেবে স্বাগত জানিয়েছেন।
কে এই আবেলার্দো দে লা এসপ্রিয়েলা?
পেশায় তিনি একজন আইনজীবী ও ব্যবসায়ী। জাতীয় রাজনীতিতে এর আগে তার কোনো অভিজ্ঞতা ছিল না।
অতীতে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত কয়েকজন বিতর্কিত ব্যক্তির আইনজীবী হিসেবে কাজ করলেও তিনি বলেছেন, সেটি ছিল তার পেশাগত দায়িত্বের অংশ।
কঠোর নিরাপত্তানীতি এবং জনতাবাদী রাজনৈতিক বক্তব্যের কারণে অনেক বিশ্লেষক তার সঙ্গে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের তুলনা করছেন।
প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল ঘোষণার আগে কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।