
সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে আবার চাকরিতে ফিরেছেন। তাঁকে আগের জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। পরে ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তাঁর আবেদন পর্যালোচনা করা হয়। সভায় চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুদকের প্রধান কার্যালয় থেকে আদেশ জারি করে তাঁকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।
বিধি অনুযায়ী, চাকরিতে ফেরার পর আগের জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন শরীফ উদ্দিন। আদেশ জারির দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথে থাকা সর্বশেষ আইনি বাধাও দূর হয়।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন শরীফ উদ্দিন। এ ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় আসেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি পাওয়ার পর সাধারণ ডায়েরিও করেছিলেন।
চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন। একই সঙ্গে আগের জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। তবে পরবর্তী সময়ে সংস্থাটি আপিলটি আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর ‘নট টু প্রসিড’ হিসেবে আবেদনটি খারিজ হয়। এরপর ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুরের মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।