
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করা যাবে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম অনুসারে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এ ক্ষেত্রে দুই ধরনের মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ ও সংযোজনের নিয়মও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
মোটরসাইকেল (স্কুটার): এ ধরনের মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেল: এসব মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এখানেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর নির্ধারিত অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।
এ ছাড়া স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন: ঢাকা মেট্রো-প-১১-১২২৯।