
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যরা মতামত দিয়ে সহযোগিতা করায় কমিটির সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে বিলটির প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানানো হয়।