
কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার চাইলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার ব্যয় সরকার বহন করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকার ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি।
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু। তাঁর বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।
অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।