
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম।”
শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ, নেতৃত্ব ও জনপ্রিয়তার কথা তুলে ধরছিলেন। এ সময় প্রধানমন্ত্রী হালকা রসিকতার সুরে এ মন্তব্য করলে মিলনায়তনজুড়ে করতালি পড়ে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রশংসা করি নাই, যতটুকু আপনি বলতেছেন সামান্য বলেছি।” এতে উপস্থিতদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। তিনি জানান, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে আগ্রহী এবং তাঁদের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন অব্যাহত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ খাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সবাইকে জনগণের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।