
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ—নন-ক্যাডার পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ম থেকে ১১তম গ্রেডে মোট ৬৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে।
গত ১২ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৯ম গ্রেডে ৫৭ পদ
এই গ্রেডে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রভাষক (সিভিল, ইইই, সিএসই), প্রভাষক (পদার্থ, রসায়ন), ওয়ার্কশপ বা ল্যাবরেটরি ইনচার্জ, ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন), বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার, মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন, সাইফার অফিসার, সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ) এবং গ্রন্থাগারিক।
এসব পদে নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে।
১০ম গ্রেডে ৯ পদ
এই গ্রেডে নিয়োগ দেওয়া হবে হিসাবরক্ষণ কর্মকর্তা, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক এবং সহকারী সাইফার অফিসার পদে।
১১তম গ্রেডে ১ পদ
এই গ্রেডে মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা ও বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর।
আবেদন পদ্ধতি ও ফি
প্রার্থীদের টেলিটক বা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে নিবন্ধন ও ফি জমা দিতে হবে।
৯ম ও ১০ম গ্রেডের জন্য আবেদন ফি ২০০ টাকা, ১১তম গ্রেডের জন্য ১৫০ টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা ফি দিতে হবে। আবেদনপত্রে স্থায়ী জেলার তথ্য সঠিকভাবে দিতে হবে, অন্যথায় প্রার্থিতা বাতিল হতে পারে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রয়োজনে শ্রুতলেখকের ব্যবস্থা করবে পিএসসি।
আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।