
গাজায় ব্যবহৃত কৌশল এবার লেবাননেও প্রয়োগ করছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে ‘হলুদ রেখা’ তৈরি করছে আইডিএফ, যা নতুন বাস্তবতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় স্থানীয় বাসিন্দাদের ফিরে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর শীর্ষ কর্মকর্তারা।
এর আগে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে নির্দিষ্ট একটি সীমারেখা পর্যন্ত সেনা সরিয়ে নেয় ইসরায়েল, যা ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত। পরবর্তী ধাপেও ওই সীমারেখা থেকে আর পিছু হটার পরিকল্পনা নেই বলে জানানো হয়, এবং সেটিকেই গাজা ও ইসরায়েলের ‘নতুন সীমান্ত’ হিসেবে বিবেচনা করা হয়।
একই কৌশল অনুসরণ করে এখন লেবাননেও এমন সীমারেখা নির্ধারণ করা হচ্ছে। আইডিএফের মতে, ‘ইয়েলো লাইন’ এমন একটি নির্দিষ্ট এলাকা, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে।
শনিবার (১৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তু এলাকায় এই সীমারেখা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং তাদের সামরিক কার্যক্রম বর্তমানে সেই সীমা পর্যন্ত বিস্তৃত।
প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৫৫টি গ্রামের বাসিন্দাদের নিজ এলাকায় ফেরার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যেও ওইসব এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ রাখছে ইসরায়েলি বাহিনী।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘যেসব এলাকা দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, সেগুলোতে ভবিষ্যতে নিজেদের অবস্থান বজায় রাখবে আইডিএফ।’