
অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ডিজেলসহ তাদের আটক করা হয়। পরে শনিবার (১৮ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল খলিফার হাট এলাকায় অবস্থান করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, চরমটুয়া ইউনিয়নের একটি দোকানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে। পরে অভিযানে গিয়ে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা মেঘনা পেট্রোলিয়ামের গাড়ি ও ডিজেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে।