
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিনি উপস্থিত হন।
সরকারি সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দেশের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর, আধুনিক ও জনমুখী করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, প্রয়োজনীয় সংস্কার এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের জন্য নতুন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে আগামী দিনে আরও নানা উদ্যোগ নেওয়া হবে।