
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
শনিবার (১৮ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ সিদ্ধান্তের কথা জানায়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখায় প্রণালিটির নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে নিজেদের হাতে নিয়েছে ইরান। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ সশস্ত্র বাহিনীর কড়া নজরদারিতে থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আইআরজিসির বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে।’
এছাড়া উল্লেখ করা হয়, ‘যুক্তরাষ্ট্র যতদিন না ইরান থেকে জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে থাকবে এবং আগের মতোই থাকবে।’
এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ অব্যাহত থাকলে প্রণালিটি পুনরায় বন্ধ করা হবে।
এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।’