
দেশের বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন্ধ থাকা চিনিকলগুলো চালু করার পরিকল্পনা থাকলেও এটি মূলত নির্ভর করছে কাঁচামাল—বিশেষ করে আখের পর্যাপ্ত সরবরাহের ওপর। চাষি পর্যায়ে আখ উৎপাদন নিশ্চিত করা গেলে পর্যায়ক্রমে এসব চিনিকল আবার উৎপাদনে ফিরবে।
তিনি আরও জানান, দেশে বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনেক এবং এসব শিল্পের আর্থিক মূল্য লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। নানা কারণে এসব শিল্প কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বন্ধ শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করা। যেসব শিল্প তাদের সম্ভাবনা হারিয়ে ফেলেছে, সেগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল বা নতুন বিনিয়োগের মাধ্যমে পুনর্গঠন করে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের শিল্প খাতকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বন্ধ শিল্প চালুর বিষয়ে সরকার অত্যন্ত যত্নবান এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।