
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ ধরনের সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, সাধারণত নবনির্বাচিত এমপিরা জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সুযোগ নেই।
গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে বর্তমানে দণ্ডিত অবস্থায় রয়েছেন। ফলে স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণের পথ বন্ধ হয়ে যায়।
সংবিধান অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। আর তিন দিনের মধ্যে শপথ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারও এ দায়িত্ব পালন করতে পারেন বলে আইনে উল্লেখ আছে।
অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। এমপিদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি।