
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ ভোটে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আমাদের চেষ্টা শতভাগ ছিল। আমরা মনে করি, জাতি হিসেবে আমাদের মান-সম্মান ও ভাবমূর্তি বিশ্বপরিসরে আরও সুদৃঢ় হয়েছে। আল্লাহর কাছে হাজারও শোকর—তিনি নেহায়েত রহমত করেছেন বলেই আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “তারা ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যার কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি যা কিছু অশনি সংকেত ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল—সব এই বন্যার পানিতে ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।”
গণতন্ত্রের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের গণতন্ত্র তার নির্দিষ্ট রেলপথ থেকে যেন আর কখনো বিচ্যুত না হয়। এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের পাথেয় ও দৃষ্টান্ত হয়ে থাকুক।”
শেষে তিনি বলেন, “আমাদের ভুল-ভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। বাকি যে পরিসংখ্যানগত বিষয় রয়েছে, আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে গণমাধ্যমকে জানিয়ে দেবেন।”
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে।
