
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একই সঙ্গে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমানকে ট্যাগ করে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, দলকে একটি অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন।
দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও জানান, প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন।