
নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নরসিংদীর ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
৩৫ বছর পর জেলার সব কটি আসনেই জয় পেলেন বিএনপির প্রার্থীরা। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই জয় পেয়েছিল দলটি।
বিজয়ী প্রার্থীরা হলেন নরসিংদী–১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির (খোকন), নরসিংদী–২ (পলাশ ও সদরের একাংশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নরসিংদী–৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী–৪ (মনোহরদী ও বেলাব) আসনে জেলা বিএনপির সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ও নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন (বকুল)।
নরসিংদী-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬০৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২৯৩০ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৮.৮২ শতাংশ ভোটার।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামী মো. আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬৮ ভোট। এনসিপির গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) শাপলা কলিতে পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৫ শতাংশ ভোটার।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট ও তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৬১ শতাংশ ভোটার।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৩.০৬ শতাংশ ভোটার।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট ও মো. বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২৫৮২ ভোট। আসনটিতে ভোট প্রয়োগ করেছেন ৪৯.০৫ শতাংশ ভোটার।
৫টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৪৭ হাজার ৯৪৭। ৫টি আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৬৬৩টি।