
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়কে দেশপ্রেম ও গণতন্ত্রের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, “এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় অর্জন করে প্রায় দুই যুগ পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে। দল পূর্বেই ঘোষণা করেছে, চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
বিজয়ের পর অনুভূতি প্রকাশ করে মাহদী আমিন বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।”
তিনি আরও বলেন, বিএনপির সরকার হবে একটি ‘জনকল্যাণমূলক সরকার’, যা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেশের রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন মাহদী আমিন।