
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হবে। বুধবার এটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচার করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের গৃহীত পদক্ষেপ তুলে ধরবেন। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে।