
পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি নগদ ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে কোস্টগার্ড। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ।
তিনি বলেন, 'কোস্টগার্ড ওই ব্যক্তিকে আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কাছ থেকে জব্দ করা টাকা গণনার কাজ চলছে।'
স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, জব্দ করা বস্তায় আনুমানিক অর্ধকোটি টাকা থাকতে পারে। তদন্ত কার্যক্রম শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান ইউএনও কাউসার হামিদ।
এদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন, ৫০ লক্ষ টাকাসহ বিএনপির এক নেতাকে কোস্টগার্ড আটক করেছে বলে শুনেছেন। তবে আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ঘটনার উৎস ও অর্থের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।