
ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম বরদাশত করা হবে না। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতাকে এগিয়ে নেবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ সব কার্যক্রম সময়মতো শেষ করার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে—ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।