
নির্বাচন চলাকালে টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে জানতে চাইলে জাগো নিউজকে তিনি এ কথা জানান।
একই দিন দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ— এমন ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি সামনে আসে।
একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন— এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে।
তবে তিনি স্পষ্ট করেন, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অর্থ ব্যবহার করা হলে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।