
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা।
ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ভোটগ্রহণের আগের দিন রাত ১২টা থেকে নির্বাচনের দিনে রাত ১২টা পর্যন্ত (১১–১২ ফেব্রুয়ারি) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়বে না—
আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন
অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন
জরুরি সেবা যেমন ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সংবাদপত্র বহনকারী যানবাহন
আত্মীয়-স্বজনকে বিদায় জানাতে বা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফেরার যানবাহন (যথাযথ প্রমাণ সাপেক্ষে)
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন, আন্তঃজেলা ও মহানগর সংযোগ সড়ক এবং জাতীয় মহাসড়ক
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য অনুমোদিত একটি ছোট যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস) অনুমোদন ও রিটার্নিং অফিসারের স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের সুযোগ থাকবে। এছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ইসি বা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে মোটরসাইকেল বা যানবাহন ব্যবহার করতে পারবেন।
টেলিযোগাযোগ সেবার যানবাহনও জরুরি সেবা হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিস্থিতি অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।