
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ এজাজ। তার স্থলাভিষিক্ত হলেন সুরাইয়া আখতার জাহান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি এই দায়িত্ব নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন।
এতে আরও বলা হয়, বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এ ছাড়া এই দায়িত্ব পালনের জন্য তিনি কোনো অতিরিক্ত আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না।
উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল।