
জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা তাদের মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তবে নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।