
ভোলা-৩ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম সোমবার (৯ ফেব্রুয়ারি) লালমোহন উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি এই ইশতেহারে নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ লালমোহন-তজুমদ্দিন গঠনের জন্য ৯ দফা মূলক উদ্যোগ তুলে ধরেছেন।
নিজামুল হক নাঈম বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পর আমাদের এলাকার মানুষ সমানাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে, কৃষি ও মানবসম্পদের সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা লালমোহন-তজুমদ্দিনকে সমৃদ্ধ, নিরাপদ, মানবিক ও আধুনিক জনপদে রূপান্তর করার স্বপ্ন দেখছি।”
ইশতেহারে উল্লেখিত ৯ দফা হলো:
১. চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন এবং কার্যকর সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
২. নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও নদী ভাঙ্গনমুক্ত নিরাপদ উপকূল প্রতিষ্ঠা।
৩. উন্নত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, ভোলা-বরিশাল সেতু ও ভোলা-চরফ্যাশন সড়ক ৪ লেনে উন্নয়ন।
৪. মানসম্মত শিক্ষা ও ১০০% সাক্ষরতা নিশ্চিত, ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন।
৫. সবার জন্য কর্মসংস্থান, ব্যবসার নিরাপদ পরিবেশ ও অর্থনৈতিক সমৃদ্ধি।
৬. উন্নত স্বাস্থ্যসেবা, ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট চালু করা।
৭. মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
৮. স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা ও সহায়তা।
৯. সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে ভোলা-৩ কে পর্যটন নগরীতে রূপান্তর।
নিজামুল হক নাঈম বলেন, তিনি দল-মত, ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের জন্য উন্নত জীবন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করবেন। তিনি ৫টি বিষয়কে ‘হ্যাঁ’ বলার অঙ্গীকার করেছেন—ঐক্য, ইনসাফ, সততা, দক্ষতা এবং কর্মসংস্থান, এবং ৫টি বিষয়কে ‘না’ বলার ঘোষণা দিয়েছেন—চাঁদাবাজি, দুর্নীতি, ফ্যাসিবাদ, বেকারত্ব এবং আধিপত্যবাদ।
প্রার্থী নাঈমের নির্বাচনী ইশতেহার স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, লালমোহন-তজুমদ্দিনকে সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক জনপদে রূপান্তর করা হবে।