
নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার কালে ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফের হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়ন এলাকায় কৌশলগত অভিযান পরিচালনা করে। সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে আভিযানিক দল সন্দেহভাজনদের ধাওয়া দেয়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাদকভর্তি বস্তা আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।