
ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় উল্টে গেলে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের উদ্ধার করে ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছাকাছি আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি কী কারণে উল্টে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন আরও ১৬ জন।