
হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জোরালো দাবি করেছে ইরান। তেহরানের বক্তব্য, এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং প্রণালি ব্যবহারকারী দেশ ও কোম্পানিগুলোকে নিজেদের সঙ্গে সমন্বয় করতে বাধ্য করতে সেখানে মাইন বা মারণাস্ত্র স্থাপনের বিষয়টিও তারা অস্বীকার করছে না।
ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই সংলগ্ন দেশ ইরান ও ওমানেরই কেবল এই জলপথ নিয়ন্ত্রণের একচ্ছত্র অধিকার রয়েছে। তবে দেশটির এমন বিতর্কিত অবস্থান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মূলত এ বিষয়টি নিয়েই দুই দেশের মধ্যে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।
এর আগে হরমুজ প্রণালিতে একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাটিকে ডিজেল চোরাচালানকারী একটি জাহাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে বর্ণনা করেছে ইরান। দেশটির দাবি, জাহাজটি প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করছিল। এ সময় হঠাৎ আগুন ধরে গিয়ে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
তেহরানের মতে, হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা বিধিবিধান মেনে চলতে ট্যাংকারগুলোর মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
সূত্র: আল-জাজিরা