
আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ বা ‘আমেরিকা মহাসাগর’ রাখার প্রস্তাব গুগল প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা বলেছিলেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাবটি গুগল বাস্তবায়ন করতে পারবে কি না, তা জানতে তিনি পিচাইকে ফোন করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি শুধু দুটি মহাসাগর পছন্দ করি—আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামে আমি ট্রাম্প কিংবা আমেরিকার নাম যুক্ত করতে চাই না।’ তাই আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন বলেও জানান তিনি।
গুগল ম্যাপসের সঙ্গে আগের যোগাযোগের প্রসঙ্গ তুলে ট্রাম্পের দাবি, সুন্দর পিচাই তাঁর প্রস্তাবে সম্মতি দেননি। পিচাই তাঁকে বলেছেন, মহাসাগরগুলো অনেক দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে থাকায় বিষয়টি আলাদা। এ ধরনের নাম পরিবর্তনের অনুরোধ না জানাতেও পিচাই তাঁকে বলেন বলে দাবি করেন ট্রাম্প।
এরপর ট্রাম্প বলেন, ‘তাহলে সম্ভবত আমি প্রস্তাবটি বাদ দেব। আমার কি বাদ দেওয়া উচিত?’ পরে তিনি নিজেই বলেন, ‘আমার মনে হয়, আটলান্টিক মহাসাগর নামটিই রাখা যাক।’
এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যবিরোধের সময় অন্টারিও হ্রদের নাম ‘আমেরিকা হ্রদ’ করার উদ্যোগও নেন তিনি। এ ধরনের নাম ব্যবহারে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়ে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের দাবি অনুযায়ী, এবার আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাবে সাড়া দেয়নি গুগল। এ বিষয়ে মন্তব্য জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আগের নাম পরিবর্তনের উদ্যোগে গুগল সাড়া দিলেও তা নিয়ে জনসমালোচনা তৈরি হয়েছিল। মেক্সিকো ও কানাডাও এ নিয়ে সমালোচনা করে। গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম যথাক্রমে ‘আমেরিকা উপসাগর’ ও ‘আমেরিকা হ্রদ’ হিসেবে দেখতে পান। তবে সার্চের ফলাফলে নতুন নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে পুরোনো নামও দেখানো হয়। অন্যদিকে, মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নামগুলোই প্রদর্শিত হয়।
এর আগে হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিলেন ট্রাম্প। গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না। এ সময় তিনি প্রণালিটি যুক্তরাষ্ট্রের মতোই আরও ‘উত্তপ্ত’ হবে বলেও মন্তব্য করেন।